নিট সম্পদ মূল্যে পুঁজিবাজারে শীর্ষ পাঁচে ওয়ালটন
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভি বিবেচনায় পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ-৫ এ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমনকি তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটিবিসি), বার্জার পেইন্টস, গ্লাক্সোস্মিথক্লাইন, রেকিট বেনকিজার ও গ্রামীণফোনের চেয়েও ওয়ালটনের শেয়ার প্রতি এনএভি বেশি। এছাড়া শেয়ার প্রতি মুনাফা বা ইপিএস বিবেচনায় তালিকাভুক্ত দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন দ্বিতীয় অবস্থানে।
শুধু তাই নয়; দেশের শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ ইপিএস (শেয়ার প্রতি মুনাফা) নিয়ে তালিকাভুক্ত হতে যাচ্ছে ওয়ালটন হাই-টেক। তালিকাভুক্ত কোম্পানিগুলোর ইপিএস বিবেচনায় শীর্ষ ৮-এ রয়েছে ওয়ালটন।
এক্ষেত্রেও বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস ও গ্রামীণফোনের চেয়েও ওয়ালটনের ইপিএস বেশি। শেয়ারবাজারে তালিকাভুক্তির পথে থাকা ওয়ালটন হাই-টেকের এনএভি ২৪৩.১৬ টাকা।
২৩ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম নিয়মিত সভায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক যোগ্য বিনিয়োগকারীদের বিডিং এ ওয়ালটন শেয়ারের কাট-অব প্রাইস ৩১৫ টাকায় নির্ধারিত হয়।